পাকিস্তানের ইতিহাসে এই প্রথম হিন্দুদের ধর্মীয় এক উত্সবের সময় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর এই ছুটি ঘোষণা করা হয়েছে সিন্ধু প্রদেশে। এই প্রদেশে গতকাল রবিবারই সরকারি এই ছুটির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
আগামী সপ্তাহের হোলি উত্সবের দিন সরকারি এই ছুটি ঘোষণা করা হলো। হিন্দু ও খ্রিস্টানদের ধর্মীয় উত্সবকে স্বীকৃতি দেওয়া যাবে এই মর্মে পাকিস্তানের জাতীয় পরিষদে একটি প্রস্তাব পাসের পর সিন্ধু প্রদেশের পক্ষে এই উদ্যোগ নেয়া হলো। তবে ওই প্রস্তাবটি মানা বাধ্যতামূলক নয়।
এই ধরনের ধর্মীয় উত্সবে ছুটির জন্যে যারা দাবি জানিয়ে আসছিলেন তারা বলছেন, এই সিদ্ধান্ত পাকিস্তানের সংখ্যালঘুদের প্রতি একটি ইতিবাচক বার্তা দিয়েছে। তবে যারা এর বিরোধিতা করছিল তাদের বক্তব্য হলো, অন্যান্য আরো অনেক দেশের চাইতে পাকিস্তানের সরকারি ছুটির সংখ্যা এমনিতেই বেশি। পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ হিন্দু। আর এদের বেশিরভাগই বসবাস করেন সিন্ধু প্রদেশে।