শ্রদ্ধা-ভালোবাসায় দিতিকে শেষ বিদায়

 
শেষবারের মতো এফডিসিতে নেয়া হয়েছে চিত্রনায়িকা দিতি। প্রিয় নায়িকাকে দেখতে সোমবার সকালে এফডিসি প্রাঙণে ছুটে এসেছিলেন তার চলচ্চিত্র সহকর্মী, সাংবাদিক ও ভক্তরা। 
 
দিতির মেয়ে লামিয়া চৌধুরী বলেন, 'আমার মা নিজের পরিবারের চাইতে বেশি ভালোবাসতেন চলচ্চিত্রের মানুষদের। নিজের চাইতেও আপন ভাবতেন চলচ্চিত্রের মানুষদের। তাইতো শরীরের অসুস্থতা নিয়েও কাজ করেছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।'
 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, 'দিতি চলচ্চিত্রকে ভালোবাসতেন। এদেশকে ভালোবাসতেন। এদেশের মানুষকে হৃদয়ে ধারণ করতেন।'
 
IMG0
 
সকাল সাড়ে ১০টায় এফডিসিতে দিতির তৃতীয় জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নারায়াগঞ্জের সোনারগাঁয়ে। জানা গেছে, বাদ জোহর চতুর্থ জানাজার পর বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হবেন দিতি।
 
জানাজায় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নায়ক আলমগীর, রুবেল, ওমর সানিসহ আরো অনেকে। অভিনেত্রীদের মধ্যে শেষ বিদায় জানাতে বিএফডিসিতে যান চম্পা, খালেদা আক্তার কল্পনা, নায়িকা নাসরিন, দিলারা ইয়াসমিন, রাশেদা চৌধুরী প্রমুখ। এ ছাড়া কাবিলা, হেলাল খান, আহম্মেদ শরিফ, মিজু আহম্মেদসহ বিভিন্ন পরিচালক-প্রযোজক ও আপনজনরা বিএফডিসিতে আসেন দিতিকে দেখতে।