টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে সোমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তবে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দু'দলের লড়াইয়ের আগে অবশ্য ক্রিকেটের চেয়ে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কর্মকাণ্ডই বেশি করে আলোচিত হচ্ছে। আর আলোচনার মূলে রয়েছে টাইগারদের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির নিষিদ্ধ হওয়ার বিষয়টি।
অস্ট্রেলিয়ার দিক থেকেও তাসকিন-সানিকে নিষিদ্ধ করা নিয়ে সমালোচনা উঠল। সমালোচনা করেছেন নানা সময় বাংলাদেশ নিয়ে কড়া মন্তব্য করা ইয়ান চ্যাপেল। টুর্নামেন্টের মাঝ পথে বাংলাদেশের দুই বোলার নিষিদ্ধ করাকে অযৌক্তিক বলেছেন সাবেক এই অজি তারকা। তার মতে, এমন পদক্ষেপ নিতে হলে সেটি বিশ্বকাপ শুরুর আগেই নেওয়া যেত। টুর্নামেন্ট শুরুর পর কোন দলের গুরুত্বপূর্ণ দুজন সদস্যকে নিষিদ্ধ করার যৌক্তিক কোন কারণ থাকতে পারে না।
বর্তমানে পুরাদস্তুর ধারাভাষ্যকার চ্যাপেল ইএসপিএন-ক্রিকইনফোর ক্রিকেট আলোচনা অনুষ্ঠান 'ম্যাচ-ডে'তে করা মন্তব্যে বলেছেন, বাংলাদেশ হয়তো কোনভাবে এই ধাক্কা সামলে উঠবে। তবে টুর্নামেন্টের মাঝপথে দুজন শীর্ষ খেলোয়াড়কে হারানোর ক্ষতি পুষিয়ে ওঠা সত্যিই কঠিন। এটা তাদের অস্বস্তিতে ফেলবে।
প্রথমে টুর্নামেন্ট শুরুর পর দুই টাইগার বোলারের অ্যাকশন নিয়ে আম্পায়ারদের প্রশ্নের সমালোচনা হয়। এরপর তাসকিনকে নিষিদ্ধ করা ও বোলিং অ্যাকশন পরীক্ষায় যথাযথ নিয়ম অনুসরণ না করা নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল বিতর্কে চলছে।