বড়মঞ্চে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪৯ রানে হারলো জাহানারারা। এই হারে আসর থেকে প্রায় ছিটকেই পড়লো টাইগ্রেসরা।
রবিবার টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে, ১৮.৩ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে বাংলাদেশ তোলে ৯৯ রান।
ক্যারিবীয়রা ওপেনিং জুটি থেকে তুলে নেয় ৬৭ রান। ওপেনার ম্যাথুজ ৪২ বলে ৪১ আর স্টেফাইন টেইলর ৪১ বলে ৪০ রান করেন। দুই ওপেনারকে ফেরান নাহিদা আক্তার। তিন নম্বরে নামা ব্রিটনি কুপার করেন ৯ রান। চার নম্বরে ব্যাট হাতে নামা ডোটিন ১১ বলে তিনটি বাউন্ডারিতে ২৪ রান করেন। শেষ দিকে স্টেসি কিং ১৫ বলে ২০ ও ক্যাম্পবেল ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।
টাইগ্রেসদের হয়ে ৪ ওভারে ২৭ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন। বাকি উইকেটটি দখল করেন ৪ ওভারে ৩১ রান দেওয়া রুমানা আহমেদ। ১৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার সানজিদা ইসলাম ১৪ ও শারমিন আক্তার ১১ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা ফারজানা হকের ব্যাট থেকে আসে ১৭ রান। সালমা খাতুন ৮, রুমানা আহমেদ ৪ রান করে সাজঘরে ফেরেন।
বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৭ বলে ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া, দলপতি জাহানারা ০, ফাহিমা খাতুন ১, লতা মন্ডল ১, রিতু মনি ০ রান করেন। ১৮.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয়।