‘নগরবাসীর সঙ্গে সরাসরি কথা বলবে ডিএমপি’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশই জনগণ, জনগণই পুলিশ। পুলিশ জনগণের নিরাপত্তা দিবে, শৃঙ্খলার মধ্যে রাখবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে। পুলিশ জনগণকে হয়রানি করবে এটা কোনোভাবেই মেনে নেয়া যাবে না। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে আমরা রাজধানীকে সম্পূর্ণ নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলব।
 
রাজধানীর নিউমার্কেটের গাউসিয়া মোড়ে সোমবার দুপুরে নিউমার্কেট থানার উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ ২০১৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
একই সঙ্গে নগরীর দুই কোটি মানুষের সঙ্গে পুলিশ ওয়ান টু ওয়ান কথা বলবে বলে জানিয়ে তিনি আরও বলেন, বিটের অফিসাররা সকল নাগরিকের কাছে যাবে, তাদের সমস্যার কথা শুনবে এবং তাদের বিপদে সহায়তা করবে। নগরীর সকল বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ওই এলাকার সকলের তথ্য সংগ্রহের কাজ চলছে। নগরীর সকল নাগরিকের তথ্য সংশ্লিষ্ট থানায় থাকলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে। 
 
ডিএমপি কমিশনার বলেন, নাগরিকদের দেয়া তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। এ তথ্য শুধুমাত্র অপরাধীদের খুঁজে বের করার কাজে ব্যবহৃত হবে। এ তথ্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সাংবাদিকসহ কাউকে দেয়া হবে না। প্রতিটি থানায় ১০ জন করে পুলিশ সদস্যকে আইটি ট্রেনিং ও প্রশিক্ষণ দেয়া হবে। যাতে করে তারা প্রাপ্ত তথ্যগুলো সঠিকভাবে নিবন্ধন করতে পারে।