যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর এক্সিলেন্স ইন ডিসাস্টার ম্যানেজমেন্ট এন্ড হিউম্যানেটেরিয়ান অ্যাসিস্টেন্স (সিএফই)-এর একটি দল ঢাকা পৌঁছেছেন। দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য সিএফই দলটি সামরিক-বেসামরিক সহযোগিতা বিষয়ে সরকার, সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশের সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে বিভিন্ন কৌশল নিয়ে কাজ করবে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মিলি বলেন, 'প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি বিষয়ে মত বিনিময়ের মাধ্যমে আমরা সঙ্কটের মুহূর্তে সাড়াদান এবং জানমাল রক্ষা করতে আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করতে পারি।' তিনি আরো বলেন, 'এই অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে।'
যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতাকে শক্তিশালী করা এই সফরের লক্ষ্য।