ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস সোমবার গণবিজ্ঞপ্তি জারি করে এ স্থগিত করেন।
মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের বাসিন্দা রবিস মিয়া সোনারামপুর ইউনিয়ন ছেড়ে পার্শ্ববর্তী দরিয়াদৌলত ইউনিয়নে যুক্ত হতে গত বছরের ৭ অক্টোবর উচ্চ আদালতে একটি রিট করেন। ওই রিটের নিষ্পত্তি না করে সোনারামপুর ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করায় গত ২ মার্চ নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন রবিস মিয়ার আইনজীবী। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি একেএম শহীদুল হক এর দ্বৈত বেঞ্চ সোনারামপুর ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন।
সোমবার এ সংক্রান্ত একটি চিঠি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছানোর পর গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্বাচন স্থগিত করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, সোনারামপুর ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতের আদেশে সোনারামপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে তিন মাসের স্থগিতাদেশ দেয়া হয়েছে।