ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ: পুলিশের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

 
রাজধানীতে বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের লক্ষে পুলিশের জারিকৃত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি সেয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি একেএম শাহিদুল হকের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে আবেদনের ওপর শুনানি হতে পারে।
 

সুপ্রিমকোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এসএম এনামুল হক ও অমিত দাস গুপ্ত হাইকোর্টে এ রিট আবেদন দায়ের করেন। আবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা-২০০৬ এর ৪ এর খ ধারায় বলা হয়েছে, মহানগরীর কোনো এলাকাতে কোনো অপরাধ ঘটলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারে। এই বিধান বলে বাড়ির মালিকের মাধ্যমে ভাড়াটিয়ার ব্যক্তিগত যাবতীয় তথ্য চেয়ে ফর্ম বিলি করছে। কিন্তু এই বিধান এর ক্ষমতা বলে একজন ব্যক্তির সকল ব্যক্তিগত তথ্য পুলিশ চাইতে পারে না। কারণ ওই ধারায় বলা হয়েছে; কোনো অপরাধ সংঘঠিত হলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারবে। এতে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। যা সংবিধানের সাংঘর্ষিক বলে জানান, রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক।