প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, অতীতের যে কোন স্থানীয় নির্বাচনের চেয়ে বর্তমানে দেশের স্থানীয় নির্বাচন আরো বেশি সুষ্ঠু হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের চেয়েও বর্তমানে আমাদের দেশের স্থানীয় নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছেন।
মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, নির্বাচন সুষ্ঠু হলেও দেখা যাবে বিকালে বিএনপি সংবাদ সম্মেলন করে এর বিরোধিতা করছে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। তাদের কাজই হচ্ছে নালিশ করা।
তিনি বলেন, এতোদিন খালেদা জিয়া চাইলে কমিটি ভেঙে দিতে পারতেন। আর এই সম্মেলনের মধ্য দিয়ে তাকে এই কমিটি গঠন করারও ক্ষমতা দেয়া হয়েছে। অর্থাৎ খালেদা জিয়াকে এখন সম্রাজ্ঞীর মতো ক্ষমতা দিয়ে দেয়া হয়েছে। যে দলে কাউন্সিলের আগে নেতৃত্ব নির্বাচিত হয়,ক্ষমতার মসনদে বসার জন্য যে দল জনগণকে শত্রু বানায় সে দলকে দিয়ে আর যাই হোক দেশের কোন উন্নয়ন সম্ভব নয় ।
এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ১৪ দলের নেতা হারুন চৌধুরী,শিক্ষক নেতা শাজাহান সাজু,অরুণ সরকার রানা, এম এ করিম ও আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।