ইউপি নির্বাচন : দেবিদ্বারে দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত

কুমিল্লার দেবিদ্বার ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল (১৪ ) নামে এক কিশোরের মুত্যু হয়েছে।
 
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ওই সংঘর্ষ ঘটে। নিহত জুয়েল প্রেমু গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। পেশায় সে নির্মাণ শ্রমিক।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর আকস্মিক মৃত্যু হলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রাখে কমিশন। ফলে পূর্ব নির্ধারিত ২২ মার্চ ওই ইউনিয়নের ৮নং প্রেমু ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত মেম্বার প্রার্থীদের মধ্যে নির্বাচন চলছিল। সকাল ১১টার দিকে সাধারণ মেম্বার প্রার্থী আমির হোসেন (ফুটবল) ও রুস্তম আলী (মোরগ) প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কেন্দ্র সংলগ্ন নিজ বাড়িতে অবস্থান করছিল জুয়েল। দু গ্রুপের সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় জুয়েল।  জুয়েলকে কুমিল্লার কাবিলাস্থ ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে জুয়েলের মৃত্যু হয়।
 
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর শুনেছি। তবে এ ঘটনায় কারোর মৃত্যুর খবর এখনো পাইনি।