পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে সোমবার রাজ্য শাসক দলের আরো দুই নেতার দুর্নীতির ভিডিও প্রকাশ করেছে নারদ নিউজ। ভিডিওতে তৃণমূলের আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে ঘুষ নিতে দেখা যায়। শঙ্কুদেব নামের এক নেতাকে টাকা নিতে না দেখা গেলেও একটি সংস্থার অংশিদারিত্ব নিয়ে দেন দরবার করেন তিনি।
দ্বিতীয় দফায় ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী রাজনীতির পারদ আরো উপরে উঠে গেছে। একে পুঁজি করে বিরোধী দলগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। ভিডিওগুলোকে শাসক দলের দুর্নীতির দলিল হিসেবে উত্থাপন করছে তারা।
ভিডিও ফাঁসের ব্যাপারে নারদ নিউজ ডট কম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথু স্যামুয়েল সাংবাদিকদের বলেন, টাকা নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তৃণমূলের অপর দুই সাংসদ সুব্রত বক্সি ও দীনেশ ত্রিবেদী।
এর আগে গত ১৪ মার্চ নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে প্রথম ঘুষ গ্রহণের তথ্য-সংবলিত ভিডিও ফাঁস করেছিল নারদ নিউজ ডট কম। ওই ভিডিওতে ছয় তৃণমূল সাংসদ মুকুল রায়, সুলতান আহমেদ, সৌগত রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়; পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিম এবং সারদাকাণ্ডে অভিযুক্ত বিধায়ক মদন মিত্র, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিধায়ক ইকবাল আহমেদ ও সাবেক আইপিএস পুলিশ কর্মকর্তা সৈয়দ এম এইচ মির্জাকে ঘুষ নিতে দেখা যায়। -বাসস