বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে: আনিসুল হক

'ঢাকা শহরের বস্তিবাসীরা ৯৫ ভাগ ওয়াসার পানির বিল পরিশোধ করেন। তাদের এখন দরকার পুনর্বাসন। বস্তিবাসীদের সাথে ব্রেইন স্টর্মিং করার মাধ্যমে তাদেরকে পুর্নবাসন করা হবে।' মেয়র আনিসুল হক রাজধানীর মহাখলীতে মঙ্গলবার এই কথা বলেন।
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই নগরপিতা মঙ্গলবার বিশ্ব পানি দিবস উদযাপনের অংশ হিসেবে মহাখালী আইপিএইচ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড, ডিএসকে, ওয়ার্ল্ড ভিশন এবং ওয়াটার এইডের যৌথ সহযোগিতায় এই আলোচনা সভা, চিত্রাঙ্কণ ও বিতর্ক প্রতিযোগিতা, স্যানিটেশন উপর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে আনিসুল হক বস্তিবাসীদেরকে বস্তিবাসী না বলে অন্যান্য সাধারণ জনগণ হিসেবে বিবেচনা করার জন্য আহ্বান জানান এবং সাততলা বস্তির নাম পরিবর্তন করে 'আর্দশ নগর' হিসেবে নামকরণ করেন।