ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনুয়াকান্দা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৪টি ব্যালট বই না পাওয়া যাওয়ায় ঐ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অপরদিকে পয়ারী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এনামুল কবিরকে ব্যালট পেপার চুরির দায়ে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, ছোটখাটো দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন এবং সংরক্ষিত মহিলাসহ মেম্বার পদে ৫শ’ ৭ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেয়। ১০টি ইউনিয়নে ৯৫টি কেন্দ্রে ভোটার ছিল ২ লাখ ৪ হাজার ২৩ জন।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।