সৌদি ও ইয়েমেনকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান অ্যামনেস্টির

সৌদি আরব ও ইয়েমেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আরব দেশগুলোর জোটের হাত থেকে ইয়েমেনের নিরস্ত্র জনগণকে বাঁচাতে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানায় সংগঠনটি।
 
ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে একটি সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। দেশটিতে হস্তক্ষেপের এক বছর পূর্তিতে 'ব্যাপক অস্ত্র সরবরাহ বেসামরিক প্রাণহানি ঘটাচ্ছে' শিরোনামে মঙ্গলবার অ্যামনেস্টি এক বিবৃতি প্রকাশ করেছে। সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করতে দুই পশ্চিমা শক্তিসহ অন্যান্য দেশের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক উপ-পরিচালক জেমস লিঞ্চ বলেন, সৌদি আরবের কাছে সরবরাহকৃত অস্ত্রগুলো ইয়েমেনে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে এমন তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও রিয়াদের আন্তর্জাতিক অংশীদাররা সেখানে ব্যাপকভাবে অস্ত্র পাঠাচ্ছে এবং সংঘাতের আগুনে ঘি ঢালছে।
 
অ্যামনেস্টি বলেছে, সৌদি আরবের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন ও লন্ডন অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যার গুরুতর অপব্যবহার হচ্ছে এবং এতে অনাকাঙ্ক্ষিতভাবে মানবিক সংকট বাড়াচ্ছে। সূত্র: এএফপি