বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তার বিষয়ে আন্তঃসরকার কমিশন গঠিত হবে। সোমবার মস্কোতে অনুষ্ঠিত পররাষ্ট্র দফতরের মধ্যকার আলোচনায় এ সিদ্ধান্ত হয়। বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তার বিষয়ে আন্তঃসরকার কমিশন গঠন করবে বাংলাদেশ ও রাশিয়া। সোমবার মস্কোতে অনুষ্ঠিত দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার আলোচনায় (এফওসি) এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামী জুনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর রাশিয়া সফরে এ বিষয়ক চুক্তি সই হবে বলে মঙ্গলবার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোর স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।রাশিয়ার নেতৃত্বে ছিলেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মরগুলব ইগোর ভ্যালা দিমিরোভিচ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দু’দেশের সামগ্রিক আলোচনায় বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, বৈজ্ঞানিক ও কারিগরি এবং প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরও জোরদার করতে বিশেষ করে কিছু দ্বি-পক্ষীয় বিষয় দ্রুত সম্পন্নের ওপর গুরুত্বারোপ করা হয়।দু’দেশের বন্ধুত্বের ঐতিহাসিক ও দৃঢ় বন্ধনের কথা উল্লেখ করে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আলোকপাত করেন।
বৈঠকে দু’দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করতে উভয় দেশের মধ্যে উচ্চপর্যায়ের নিয়মিত সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।একই সঙ্গে তৈরি পোশাকসহ আইসিটি ও টেলিকম, খাদ্যশস্য, খনিজ ও সার, ওষুধের মতো শিল্পে সম্পর্ক জোরদারের সম্ভাব্যতাও চিহ্নিত করা হয়। এছাড়া দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়।আগামী বছর পররাষ্ট্র দফতরের উচ্চপর্যায়ের আলোচনা ঢাকায় অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নির্ধারিত বৈঠক ছাড়াও মস্কোতে বোর্ড অব দ্য ইউরোপিয়ান ইকোনমিক কমিশনের সদর দফতরের সংস্থাটির সদস্য তাত্যানা ভ্যালোভ্যা’র সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।এ বৈঠকে সংস্থাটির সদস্য দেশ এবং রাশিয়ান ফেডারেশন, বেলারুশ, কাজাকিস্তান, কিরগিজস্তান ও আর্মেনিয়ায় বাংলাদেশের রফতানি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারসহ বাংলাদেশ ও কমিশনের মধ্যে সম্ভাব্য সহযোগিতার সুযোগ সম্পর্কে আলোচনা হয়। ফোকাস বাংলা।