ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ট্যাক্সি ড্রাইভার। তারা স্মার্টফোন নির্ভর পরিবহন অ্যাপস উবার এবং গ্রাবের বিরোধিতা করে আসছে। চালকরা বলছেন, নতুন এই ব্যবস্থা পুরো পরিবহন শিল্পকে ধ্বংস করে ফেলছে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে জাকার্তায় গতকাল মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশ গত সপ্তাহের বিক্ষোভের চেয়ে অনেক বড় ছিল। বিক্ষোভকারীরা এসময় পার্লামেন্ট ভবন, নগর প্রশাসনিক দফতর ও যোগাযোগ মন্ত্রণালয়ের বাইরের রাস্তা বন্ধ করে দেয়। এর মধ্যে অন্তত এক জায়গায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বেশকিছু বিক্ষোভকারী যানবাহনে হামলা চালায় এবং তাদের সঙ্গে যোগ না দেয়ায় অন্য চালকদের হুমকি দেয়া হয়। এতে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
IMG0
চালকরা বলছেন, এই ধরনের প্রযুক্তি নির্ভর ট্যাক্সি চালিয়ে জাকার্তার মত ঘিঞ্জি ও জনবহুল এই শহরে টিকে থাকা অসম্ভব। তাদের মতে, তারা যে ধরনের সমস্যা ও অসুবিধা মোকাবিলা করছেন নতুন এই অ্যাপস তা করতে পারবে না।
IMG1
এমনকি ইন্দোনেশিয়ার সরকারও এই ব্যবস্থার পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইন এবং মোবাইল অ্যাপ ভিত্তিক এই ব্যবস্থা এখনও গণপরিবহন হিসেবে নিবন্ধিত হয়নি। সূত্র: বিবিসি