অনবদ্য অবদানের স্বীকৃতি: পদক পাচ্ছেন ৩২ নারী পুলিশ

বাংলাদেশ পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মত “বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড” ( পদক) চালু করা হচ্ছে। চলতি বছর এ পদক পাচ্ছেন নারী পুলিশের ৩২ জন সদস্য। বুধবার পুলিশ সদর দফতরে এক  অনুষ্ঠানে এ পদক প্রদানের কথা রয়েছে।
 
পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, চার দশকের পথ চলায় পুলিশ বাহিনীতে নারী সদস্য সফলতা অনেক। তবে এ সফলতা শুধু দেশেই নয়। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও তারা সমান ভাবে সফলতা দেখিয়েছেন। বিদেশের মাটিতেও তারা বিভিন্ন  সময় কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন নানা পদক। সব কিছু বিচেচনায় নিয়ে চালু করা হচ্ছে নারী পুলিশ অ্যাওয়ার্ড। এতে কাজের উৎসাহ আরো বাড়বে বলে তিনি মনে করেন। 
 
তিনি বলেন, পুলিশে নারী পুলিশের অভিষেক ঘটে ১৯৭৪ সালে। ৭ জন এসআই এবং ৭ জন কনস্টেবল যোগদানের মাধ্যমে। তখন এসব নারী পুলিশ সদস্যরা কাজ করতেন সাদা পোশাকে। ইউনিফর্মধারী নারী পুলিশের যাত্রা শুরু হয় দুই বছর পর ১৯৭৬ সালে। ওই ১৪ জন দুঃসাহসী নারীর যোগদানের মধ্যে দিয়ে। বর্তমানে বিভিন্ন পদে নারী পুলিশের সংখ্যা ৮ হাজার ৮০৫ জন। এর মধ্যে কনস্টেবল পদে প্রশিক্ষণার্থী আছেন ১ হাজার ২৬৯ জন। শতকরার হিসাবে তা ৬ দশমিক ০৩ শতাংশ। চলতি বছর পুলিশ সপ্তাহ ২০১৬ প্যারেডে অধিনায়কের নেতৃত্ব দিয়েছেন প্রথম নারী পুলিশ সুপার শামসুন্নাহার। অপর দিকে পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে নারী সদস্যরা দায়িত্ব পালন করলেও ট্রাফিক সার্জেন্ট পদে কোন নারী সদস্য ছিলেন না। কিন্তু সম্প্রতি  ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং শেষে যোগদান করেছেন ২২ জন নারী সার্জেন্ট। যারা পুলিশ সদস্যদের পাশাপাশি দায়িত্বপালন করে নগরবাসী দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। দেখিয়েছেন সফলতা। 
 
পদক প্রপ্তদের তালিকায় রয়েছেন- পুলিশ সদর দফতরের ডিআইজি মিলি বিশ্বাস, এআইজি রেবেকা সুলতানা, ডিএমপির ডিসি আবিদা সুলতানা, পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন ওয়াজেদ প্রমুখ।