রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে বিশ্ব পনি দিবস ২০১৬ উদযাপন করল রবি। মঙ্গলবার দিবস উপলক্ষ্যে পানির সুষ্ঠু ব্যবহারের ওপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাদের জন্য একটি কমিউনিকেশন ক্যাম্পেইনও পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায়, পানির সাশ্রয়ী ব্যবহারের ওপর যাত্রীদের সচেতন করার লক্ষ্যে ঢাকার দুটি প্রধান রেলওয়ে স্টেশনে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আমরা জীবনধারার কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনার মাধ্যমে বিশুদ্ধ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি সে ব্যপারগুলো যাত্রীদের মেনে চলার আহ্বান জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানায়, পরিবেশ সুরক্ষায় রবি’র কর্পোরেট দায়বদ্ধতার আওতায় এ ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ও যুক্তরাজ্য-ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান ওয়াটার এইডের সহযোগিতায় দেশের সাতটি রেলস্টেশনে- ঢাকা (কমলাপুর ও বিমানবন্দর), চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রাজশাহী- ৩০ হাজারের বেশি যাত্রী ও দর্শনার্থীদের জন্য দৈনিক ৫ হাজার লিটারের বেশি খাবার পানি সরবরাহ করছে রবি।