২৩ মার্চ টিভিতে জাতীয় পতাকা প্রদর্শিত হয়নি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবসের দিন বাংলাদেশের সর্বত্র জাতীয় পতাকার পরিবর্তে কালো পতাকা প্রদর্শনের নির্দেশ দেন। বঙ্গবন্ধুর নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঙালী শিল্পী ও কর্মকর্তাদের নিয়ে গঠিত টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার কমিটি সেদিন টিভি পর্দায় কালো পতাকা যদিও প্রদর্শন করেনি, তবে পাকিস্তানের জাতীয় পতাকাও প্রদর্শন করা হয়নি।
 
ওই কমিটির এক সদস্য সাংস্কতিক ব্যক্তিত্ব হাসান ইমাম এক বিশেষ সাক্ষাৎকারে মঙ্গলবার এ কথা  জানান। এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরো জানান, ওইদিন সারাদেশে বঙ্গবন্ধুর নির্দেশে বাঙালী কালো পতাকা প্রদর্শন দিবস পালন করে। বাসাবাড়ির ছাদে, গাছে, রাস্তায়, যার যেখানে সম্ভব হয়েছে সেখানেই প্রতিবাদ স্বরূপ কালো পতাকা এবং সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করে।
 
তিনি সেই সময় টিভি অফিসের অবস্থা জানিয়ে বলেন, 'পাকিস্তানি আর্মি দ্বারা সব সময় বেষ্টিত থাকতো বলে ২৩ মার্চ টিভির সম্প্রচারে তাদের কমিটির পক্ষে কালো পতাকা প্রদর্শন করা সম্ভব ছিল না। তবে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে ওই দিন টিভি পর্দায় পাকিস্তানের জাতীয় পতাকাও প্রদর্শন করা হবে না।'
 
তিনি আরও বলেন, 'তখন অনুষ্ঠান রেকর্ডিংয়ের কোন ব্যবস্থা ছিল না বলে টেলিভিশনের সব অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করা হতো। আর এই বিষয়টিকে মাথায় রেখে আমরা পাকিস্তানি সেনাবাহিনীকে নানা বাহানা দিয়ে বোঝাতে লাগলাম একটি ভাল অনুষ্ঠান শুরু হয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ করা যাচ্ছে না। এভাবে ভয় ও উত্তেজনা নিয়ে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এরপর রাত ১২টা ১ মিনিটে ২৪ মার্চের ঘোষণা দিয়ে জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।'
 
এভাবেই ২৩ মার্চ ১৯৭১ তাদের কমিটি টেলিভিশনে জাতীয় পতাকা প্রদর্শন না করে প্রতিবাদ জানিয়েছিল বলে তিনি সাক্ষাতকারে জানান।