বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেন্টেম বিমানবন্দর ও মেট্রোস্টেশনে দুটি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বিমানবন্দরে নিহত হয়েছে ১৪ জন আর স্টেশনে নিহত হয়েছেন ২০ জন
অন্যদিকে ব্রিটিশ সংবাদ বিবিসি জানায় নিহতের সংখ্যা অন্তত ৩১। প্যারিস হামলার সন্দেহভাজন আইএস সদস্য সালাহ আবদেসলাম ব্রাসেলস থেকে আটক হওয়ার চারদিনের মধ্যে এই ঘটনা ঘটলো।
কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। মেট্রো ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।
বেলজিয়ামের বার্তা সংস্থা বেলজা জানিয়েছে, স্থানীয় সময় সকাল আটটার সময়ে যাত্রীরা চেক ইন করতে প্রস্তুত হওয়ার সময়ে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের আগে গুলিও করা হয়েছিল। এবং এরপর আরবিতে চিৎকার করে কিছু বলার পরে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিমানবন্দর টার্মিনালের একটি ভবন থেকে ধোঁয়া বের হয়ে আসছে।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। বিমান বন্দরে সব ধরণের অবতরণ বন্ধ করা হয়েছে। বিমান বন্দর পর্যন্ত রেল সার্ভিসও বন্ধ করা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিস্ফোরণ আমেরিকান এয়ারলাইন্সের চেক ইন এরিয়ার মধ্যে ছিল তবে এই খবর এখনো নিশ্চিত করা যায়নি।
ব্রাসেলসের বিমান বন্দরে জোড়া বিস্ফোরণ হওয়ার কিছুক্ষণ পরে মালবিক মেট্রো স্টেশনে বিস্ফোরণ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি। ইইউ এর সদর দফতরের কাছে অবস্থিত এই মেট্রো স্টেশন।