ফেনীতে শুরু হলো মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা। মঙ্গলবার বিকেলে শহরের এসএসকে সড়কস্থ ওয়াপদা মাঠে প্রধান অতিথি হিসেবে শিল্প বাণিজ্য মেলা উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
তিনি বলেন, শিল্প বাণিজ্য মেলার মাধ্যমে ব্যবসায়ীদের একটা সুযোগ সৃষ্টি হয়। ক্ষুদ্র উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের আক্রষ্ট করে তাদেরকে সুযোগ বেশী দিতে হবে। ফেনীতে ফরেন কারেন্সি রেমিটেন্স সর্বোচ্চ। দেশের বাহিরে অনেক মানুষ থাকে সে সুযোগটা কাজে লাগিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা বহু জাতীক প্রতিষ্ঠানকে আহবান জানাতে হবে।
মাসব্যাপী এই শিল্প বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের মোট ৮৪ স্টল স্থান পায়। এছাড়া বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন রাইডও মেলায় স্থান পেয়েছে।
ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক বলেন, দেশীয় শিল্পকে প্রসার ঘটানোর জন্য মেলা যেন নারী বান্ধব হয়। নারী শিশুরা যেন আসে সে দিকে লক্ষ্য রাখবেন। মেলাকে প্রশ্নবিদ্ধ করে অসামাজিক কিছু যেন না ঘটে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
ফেনী পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কহিনুর আলম। এসময় স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিচালনা কমিটির প্রধান সমনবয়ক এস জে আলম, গ্লোবাল লিংক ইভেন্ট ম্যানেজমেন্ট স্বত্ত্বাধিকারী শহীদুল ইসলাম খান পিন্টু।