রুশ সাংবাদিক হত্যায় ইউক্রেনের পাইলটকে ২২ বছর দণ্ড

দুই রুশ সাংবাদিককে হত্যার দায়ে ইউক্রেনীয় পাইলট নাদিয়া সেভচেনকোকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার আদালত। ওই দুই সাংবাদিককে হত্যার জন্য নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
 
বাদী পক্ষের আইনজীবীরা তার ২৩ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন। যুক্তিতর্ক উত্তাপনের সময় বাদী পক্ষের আইনজীবীরা বলেন, নাদিয়ার নির্দেশেই পূর্ব ইউক্রেনে মর্টার হামলায় দুই রুশ সাংবাদিক নিহত হন।
 
তবে নাদিয়ার আইনজীবীরা বলেন, দুই সাংবাদিক নিহত হওয়ার আগেই তিনি রুশপন্থী বিদ্রোহীদের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে বিদ্রোহীরা তাকে রাশিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ইউক্রেন ও কয়েকটি পশ্চিমা দেশ এই বিচারকে প্রহসন বলে অভিহিত করে নাদিয়ার মুক্তি দাবি করেন।
  
নাদিয়া সেভচেনকোর বিরুদ্ধে অভিযোগ তিনি রুশ টিভি সাংবাদিক ইগর করনেলিউক ও অ্যান্টন ভলোসিনের ওপর মর্টার হামলার নির্দেশ দিয়েছিলেন। ২০১৪ সালের জুন মাসে রুশপন্থী বিদ্রোহীদের সাথে ইউক্রেনের যুদ্ধ চলাকালে ঘটনাটি ঘটে। সূত্র: বিবিসি