মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতি সুতীক্ষ্ণ জবাব 'জন্মসাথী': তথ্যমন্ত্রী

যুদ্ধশিশুদের জীবনকে উপজীব্য করে নির্মিত 'জন্মসাথী' প্রামাণ্যচিত্রকে মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতি সুতীক্ষ্ণ জবাব বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে বসুন্ধরা বিপণীকেন্দ্রে স্টার সিনেকমপ্লেক্সে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ চলচ্চিত্রকার শবনম ফেরদৌসী নির্মিত 'জন্মসাথী' প্রামাণ্যচিত্রের প্রদর্শনী উদ্বোধনকালে তথ্যমন্ত্রী একথা বলেন।
 
তথ্যমন্ত্রী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম, সে ইতিহাস আমাদের চেতনায় চির অমর। আর আমাদের মা-বোনদের ওপর যে নিপীড়ন-নির্যাতন যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল এই প্রামাণ্যচিত্রটি তারই একটি দলিল।'
 
৯০ মিনিটের এ প্রামাণ্যচিত্রটির যৌথ প্রযোজক একাত্তর টেলিভিশন ও মুক্তিযুদ্ধ জাদুঘর। বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম এবং স্টার সিনেপ্লেক্স যথাক্রমে প্রামাণ্যচিত্রটির গণমাধ্যম ও প্রদর্শনী সহযোগীর ভূমিকা পালন করছে।
 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এধরনের প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব ও ট্রাস্টি তারিক আলী, একাত্তর টেলিভিশনের সম্পাদক ও প্রধান নির্বাহী সামিয়া জামান, প্রামাণ্যচিত্রটির নির্মাতা শবনম ফেরদৌসীসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।