স্ত্রীকে ইভটিজিং-এর প্রতিবাদ করায় মেডিকেল অফিসার সজীব উদ্দীন স্বাধীনকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।
আহত ডা. সজীব উদ্দীন স্বাধীনকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার অবস্থা বর্তমানে আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা জানান, মাথায় লোহার রড জাতীয় কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাথার মাঝ বরাবর পর্যন্ত ১২ টি সেলাই দেওয়া হয়েছে।
ডা. স্বাধীন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।
ডা. স্বাধীনের স্ত্রী মিতা খাতুন জানান, স্থানীয় একটি ক্লিনিকে প্রাক্টিস শেষে প্রতিদিনের ন্যায় সন্ধানী স্কুল এন্ড কলেজের ওই রাস্তাটি দিয়ে ¯স্বামীর সাথে হাটাহাটি করি। আজকে ফেরার পথে ৪ যুবক নানা ধরনের বাজে টোন করে। সে সময় ওই যুবকদের সঙ্গে ডা. সজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমরা স্থান ত্যাগ করে চলে আসি। পরে যুবকদের চেনার জন্য কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে ওই বখাটে যুবকরা তার মাথায় লোহার এঙ্গেল দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
সজীবের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসে।
গাংনী থানার ওসি এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। তবে হামলাকারীদের অচিরেই গ্রেফতার করার আশ্বাস দেন।