কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৫

কুমিল্লায় একটি নৈশ কোচ উল্টে খালে পড়ে গিয়ে ঘটনাস্থলে এ.জে.এম নূর আহমেদ (৬৩) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩৫জন যাত্রী। বুধবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার চাঁন্দশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নূর আহমেদ বগুড়া জেলার সোনাতলা থানার শিতারপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে চট্টগ্রাম অভিমুখী একটি নৈশ কোচ (ঢাকা- মেট্রো-ব, ১৪-৫২০৩) বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মহাসড়কের চাঁন্দশ্রী ব্রিজের নিচে উল্টে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বগুড়া জেলার সোনাতলা থানার শিতারপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে এ.জে.এম নূর আহমেদ (৬৩) মারা যান। 
 
এ দুর্ঘটনায় নারী-পুরুষসহ আরও কমপক্ষে ৩৫জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের মধ্যে ১০জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
এদের মধ্যে এক নারীর (২৫) অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং অপর আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হয়েছে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, বাসটি উদ্ধার করা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে।