এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটে ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে। মঙ্গলবার বুয়েটের সিভিল সেমিনার রুমে এই উপলক্ষ্যে ‘ক্যারিয়ার টক অন বিকাম এ মাইক্রোসফট ইন্টার্ন অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বুয়েট ক্যারিয়ার ক্লাবের মডারেটর অধ্যাপক রাকিব হাসান বলেন, 'বর্তমানে অনেক প্রবাসী ভারতীয় নিজেদের দেশে ফিরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছে। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা বর্তমানে অনেকেই বিদেশে কর্মরত আছে অনেক নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠানে। আমি আশাকরি, তারাও দেশে ফিরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করবে এবং দেশের উন্নতিতে অবদান রাখবে।'
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, 'এর আগে অন্যান্য দেশে এই কার্যক্রমটি চালু থাকলেও বাংলাদেশে এবারই প্রথম।'
প্রাথমিকভাবে এ বছরের মার্চ ও এপ্রিল মাসে বিজ্ঞান-প্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী এই ইন্টার্নশিপের সুযোগ পাবে বলেও জানান তিনি। একই সংখ্যক শিক্ষার্থী এই দুই মাসে মাইক্রোসফট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ পাবে।
অনুষ্ঠানের শেষ অংশে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই সুযোগ গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করা যাবে www.youngbangla.org/en/ microsoft-inte লিংক থেকে। উল্লেখ্য, সিআরআই কর্তৃক পরিচালিত তরুণদের জন্য দেশের বৃহত্তম প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’, ইন্টার্নশিপের জন্য তাদের বিদ্যমান প্রচারণার অংশ হিসেবে ফিনিক্স বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই সুযোগ সৃষ্টি করেছে।