বাংলাদেশ-ভারত ম্যাচে দুই দলকেই মোদীর শুভকামনা

 
ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে দুইদলকেই শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 
বুধবার ঢাকার গণভবন এবং দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি এবং বাংলাদেশ থেকে ত্রিপুরায় ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই শুভকামনা জানান।
 
নরেন্দ্র মোদী বলেন, আজ ভারতের হোলি উত্সব। ভারতে হোলি খুবই পবিত্র উত্সব। বাংলাদেশেও কিছু জায়গায় এই উত্সব পালন করা হয়। আজ আরেকটি মহত্বপূর্ণ দিন,  বাংলাদেশ-ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। আমি দুই টিমকে অনেক শুভ কামনা জানাই।
 
তিনি বলেন, ভারত আর বাংলাদেশ যখন খেলে, তখন খেলার জয়-পরাজয় ছাপিয়ে বন্ধুত্বপূর্ণ খেলার শক্তি সৃষ্টি হয়। বিদ্যুত্ যেমন শক্তি দেয়, তেমন আমাদের দুইটি টিম আজ বন্ধু্ত্বপূর্ণ স্পোর্টসশিপের জায়গা থেকে খেলবে, আমি এই শুভ কামনা জানাই।
 
বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের কর্ণাটক প্রদেশের ব্যাঙ্গালুরে বাংলাদেশ-ভারত ম্যাচটি অনুষ্ঠিত হবে।