শ্যালা নদীতে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধ

 
সুন্দরবনের শ্যালা নদীতে স্থায়ীভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে নদী রক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এই তথ্য জানান।
 
শাহজাহান খান বলেন, শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ও পরে কয়লাবাহী জাহাজ দুর্ঘটনায় পরিবেশগত কিছু হুমকি দেখা দিয়েছে।
 
তিনি বলেন, ভারত-বাংলাদেশ প্রোটকল রুটে ১২ ফুটের বেশি গভীরতার কয়েকটি জাহাজ আটকে আছে। বুধবারই সেগুলো শ্যালা নদী দিয়ে পার করিয়ে দেয়া হবে। এরপর আর কোনো জাহাজ শেলা নদী দিয়ে চলাচল করবে না। এটি আমরা সিদ্ধান্ত দিয়েছি।
 
গত ১৯ মার্চ সুন্দরবনের শেলা নদীতে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে সি হর্স-১ নামে একটি কোস্টার ডুবে যায়। এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর একই নদীতে ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি তেলবাহী ট্যাংকার ডুবে গিয়ে তেল ছড়িয়ে পড়ে।