গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পুলিশ কর্মকর্তাকে মারপিট করে আহত করার ঘটনায় নব-নির্বাচিত চেয়ারম্যানসহ তিন শতাধিক লোককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে গ্রেফতারকৃত নব-নির্বাচিত চেয়ারম্যান সুষেন সেনসহ ১০ জনকে টুঙ্গীপাড়া আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক বেগম ফারজানা আক্তার আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টুঙ্গীপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাচন শেষে নির্বাচনী সামগ্রী উপজেলা সদরে নিয়ে যাচ্ছিল। কেন্দ্র থেকে কিছু দুর সামনে গোপালপুর বাজারের কাছে স্থানীয় লোকজন পুলিশের গাড়ি বেরিকেড দিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করে। এতে পুলিশের এসআই গনেশ বিশ্বাস মারাত্বক আহত হন।
এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রাশিদুজ্জামান বাদী হয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান সুষেন সেন ও টুঙ্গীপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক লিটন বাড়ৈসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন'শ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং -০৮, তারিখ ২৩.০৩.২০১৬।
আহত পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বর্তমানে কোটালীপাড়া থানায় কমর্রত। তিনি ওই কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন।