কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ক্যাম্পাসের কাঁঠাল তলায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে একাত্মতা পোষণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা তনু হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
IMG0
এ সময় বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব এন এম রবিউল আউয়াল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি ও বাংলা বিভাগের প্রধান জি এম মনিরুজ্জামান, শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী প্রমুখ।
কর্মসূচিতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠন থিয়েটার, প্রতিবর্তন, অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র ও ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে প্রায় ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা-কোটবাড়ির অংশের নন্দনপুর অবরোধ করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা যথাযথ পদক্ষেপের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রশাসনকে ৭২ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে অবোরোধ প্রত্যাহার করেন।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১০টায় কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর আবাসিক এলাকার কালর্ভাটের পাশ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের নামে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত সোহাগী ভিক্টোরিয়া সরকারি কলেজ থিয়েটারের কর্মী ছিলেন।