কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে সাত হাজার পিলি পান বরজ পুড়ে যাওয়ার একদিন পর আবারও বুধবার বিকালের দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী ভেরের মাঠের পানের বরজে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৫০০বিঘা জমির প্রায় ৫০হাজার পিলি পান বরজ পুড়ে গেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ পান চাষীদের সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী ভেরের মাঠে বিশাল এলাকা জুড়ে অধিকাংশই রয়েছে পান বরজ। বুধবার একটি পান বরজে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই বাতাসে এই আগুনে আশেপাশের অন্যান্য পান বরজে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ৫০০বিঘা জমির প্রায় ৫০হাজার পিলি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোজাহারিল ইসলাম বলেন, বিশাল এলাকাজুড়ে পান বরজে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলেও পানের বরজ আগুনে পুড়ে হয়ে যায়। আগুন ও বাতাসের এতই তীব্রতা ছিল যে কারও কিছু করার ছিল না। ক্ষতির পরিমান এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার পানের বরজে আগুন লেগে প্রায় সাত হাজার পিলি পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর, বাগগাড়ীরপুল, ফকিরাবাদ মাঠ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ডে প্রায় ৪কোটি টাকার পান বরজ ক্ষতি হয়েছে। এতে প্রায় ২শত পান চাষী সর্বশান্ত হয়।