অভিশংসনকে অভ্যুত্থানের সঙ্গে তুলনা করলেন রৌসেফ

নিজের বিরুদ্ধে ইমপিচমেন্টের উদ্যোগকে অভ্যুত্থানের সাথে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
 
সরকারপন্থী আইনজীবীদের এক সমাবেশে রৌসেফ বলেন, ব্রাজিলের গণতন্ত্র হুমকির মুখে। আমি কোনো অনিয়ম করিনি । আমি কখনও পদত্যাগ করব না। বিরোধী দলের আইন প্রণেতারা তাকে সরিয়ে দিতে চাচ্ছে। তাদের অভিযোগ রৌসেফ সরকারি তহবিলে ঘাটতি লুকানোর জন্য হিসাবে কারসাজি করেছেন।
 
১৪ মাস আগে দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসেন রৌসেফ। সামরিক শাসনামলে তিনি জেল খেটেছিলেন। সরকারি দলের সিনিয়র নেতাদের দুর্নীতির কারণে তার জনপ্রিয়তা কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
কংগ্রেসের নিম্ন কক্ষের স্পিকার এডুয়ারডো চুনহা গত ডিসেম্বরে রৌসেফের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার  অনুমতি দেয়। রৌসেফ বলেন, এই প্রক্রিয়াকে শুধু ক্যু বলা যায়। তিনি বলেন, আমি চাই সহনশীলতা, আলোচনা ও শান্তি। উল্লেখ্য, ২০০৩ সালে লুলা ডি সিলভা ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ব্রাজিল শাসন করছে ওয়ার্কার্স পার্টি। সূত্র: বিবিসি