কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটার কর্মী সোহাগি জাহান তনুর হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। বেলা সাড়ে ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদ হতে শুরু হয়ে এ বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে নতুন কলা ভবনের মুরাদ চত্তরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপুরসহ নিহত সোহাগি জাহান তনুর সাবেক সহপাঠী জাবি শিক্ষার্থী শাহাদাত নোমান, সাহিত্য সংগঠন চিরকুটের প্রতিষ্ঠাতা সম্পাদক মাসুম মুনাওয়ার, জাবি ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান সান ও শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কর্মী সোহাগি জাহানকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন রাতে তার লাশ ময়নামতি সেনানিবাসের পাশের একটি ঝোপের ভিতর পাওয়া যায়।