সিক্যুয়ালমুক্তিযুদ্ধ নিয়ে তৈরি গেইম ‘হিরোজ অব ৭১’ এর বিপুল সফলতার পরিপ্রেক্ষিতে বাজারে ছাড়া হচ্ছে এর সিক্যুয়াল। ‘হিরোজ অব ৭১ : রিটেলিয়েশন’ নামের এই গেইমটি আগামী স্বাধীনতা দিবসে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান।
বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে এক সংবাদ সম্মেলন করে গেইমটির উন্মোচন তারিখ ঘোষণার পাশাপাশি অনুদানের চেক হস্তান্তর করেছে আইসিটি মন্ত্রণালয়।
গেইমটি তৈরি, উন্নয়ন ও মার্কেটিং করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্ভাবনী প্রকল্প থেকে ২০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের উদ্ভাবনী প্রকল্প থেকে ২০১৫-১৬ অনুদান অর্থবছরের প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন।
এ সময় জুনাইদ আহমেদ পলক বলেন, বিশ্বে এখন ১০০ বিলিয়ন ডলারের গেইমের বাজার রয়েছে। সেই বাজার ধরার জন্য দেশে অ্যাংরি বার্ডস, ক্ল্যাশ অব ক্লানের মতো বিশ্বখ্যাত গেইম তৈরি করতে হবে। আর তাদের জন্য সবসময় আইসিটি বিভাগ সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত আছে। ২০২১ সালের মধ্যে এক হাজার উদ্ভাবনী প্রকল্পে আইসিটি বিভাগ সহায়তা করবে। এর আগে বেশ কয়েকটি উদ্ভাবনী প্রকল্পেও অনুদান দিয়েছে আইসিটি বিভাগ।
হিরোজ অব ৭১ গেইমটি ইতিমধ্যে ৩ লাখ ৮০ হাজার ডাউনলোড হয়েছে। আর খেলেছেন প্রায় সাত লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। এখন পর্যন্ত গেইমটি শুধু অ্যান্ড্রয়েড ভার্সনে গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিসি নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, পোর্টব্লিসের প্রধান নির্বাহী মাশা মুস্তাকিম প্রমুখ।