খালেদার ধর্মীয় বিদ্বেষের মামলায় প্রতিবেদন ১৮ এপ্রিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগের মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
 
বুধবার এ মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন ওই তারিখ ধার্য করেন ঢাকার  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপু। এর আগে কমপক্ষে ৮টি ধার্য তারিখেও মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি।
 
২০১৪ সালের ২১ অক্টোবর  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। ওইদিন বিচারক সরকারের অনুমতি সাপেক্ষে ঘটনা বিষয়ে তদন্ত করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, সাবেক এ প্রধানমন্ত্রী ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকালে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহিনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোন ধর্মের মানুষ নিরাপদ নয়।
 
হরতালের সময় তারা পুরান ঢাকায় বিশ্বজিতকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় তারা অ্যাডভোকেট চন্দন সরকারকে র‌্যাব দিয়ে ধরে নিয়ে খুন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে। আওয়ামী লীগ হিন্দুদের ওপর হামলার সময় বলে, তোরা হিন্দু হয়ে বিএনপি করিস কেন? মামলায় আরো বলা হয়, খালেদা জিয়ার এ সকল বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তেমনী হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে। যা দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারার অপরাধ।