বলা হতো, স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় সৌভাগ্য, তাদের কখনো নিজেদের ফাস্ট বোলারদের বিপক্ষে খেলতে হয়নি!
এই কথাটাই যেনো একটু ঘুরিয়ে বললেন সাকিব আল হাসান। জাতীয় দল ও ঘরোয়া প্রথম শ্রেণির দলে তারই সতীর্থ মুস্তাফিজুর রহমান। তাই এই ত্রাস পেসারের বিপক্ষে কখনো খেলতে হয় না বলে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। ভাগ্যবান মনে করার যুক্তিও পরিষ্কার, সাকিব আল হাসান মনে করেন, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান।
মনে করাটা নতুন নয়। তবে কথাগুলো সাকিব নতুন করে বলেছেন ইএসপিএন-ক্রিকইনফোকে। এই বিখ্যাত ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে দেয়া সাক্ষাত্কারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলছিলেন, ‘আমি অবশ্যই মুস্তাফিজকে বর্তমান বিশ্বের সেরাদের একজন মনে করি। আমরা ওর ওপর প্রচুর ভরসা করি। ওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, যত ভরসা করা হচ্ছে, ততোই প্রতিদান দিচ্ছে। এটা অনেক বড় একটা ব্যাপার।’
মুস্তাফিজের বিপক্ষে খেলার অনুভূতিটা কেমন? একজন স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানকেও নিশ্চয়ই মুস্তাফিজের কাটার, পেস বৈচিত্র্য নিয়ে ভাবতে হয়। তবে সাকিব বলছেন, এটা তার জন্য ভালো যে, মুস্তাফিজকে খুব একটা খেলতে হয় না, ‘আমি আর ও জাতীয় দলে একসাথে খেলি। আমাদের প্রথম শ্রেণির দলও একই। ফলে ওকে আমার খুব একটা খেলতে হয় না। তবে এটা তো সত্যি যে, যে কারো জন্য ওকে খেলাটা খুব কঠিন। বিশেষত প্রথমবার মুস্তাফিজের মুখোমুখি হওয়াটা কঠিন একটা অভিজ্ঞতা। এখন বিশ্বের নামকরা ব্যাটসম্যানদের রেকর্ড দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন।’
সাকিবের যেহেতু একান্ত সাক্ষাত্কার সেখানে মুস্তাফিজের পাশাপাশি তাসকিন ও সানির প্রসঙ্গ না এসে পারেই না।
গত পরশু রাতে তাসকিনের শুনানিতে বাংলাদেশ দলের একমাত্র খেলোয়াড় হিসেবে কথা বলতে গিয়েছিলেন সাকিব। সে প্রসঙ্গ না বললেও তাসকিন ও সানিকে হারানোটা দলের জন্য কতো বড় ধাক্কা, সেটা বলছিলেন দেশের সেরা এই ক্রিকেটার, ‘এটা সত্যিই অনেক বড় ধাক্কা। ওরা দুজন একাদশের খুব নিয়মিত ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এভাবে টুর্নামেন্ট চলা অবস্থায় ওদের হারানোটা তো বড় ধাক্কা।’
সে ধাক্কা কাটিয়ে ওঠার সবচেয়ে বড় ভরসা হতে পারেন নিশ্চয়ই সাকিব নিজে। মাঝে একটু নিজেকে হারিয়ে খোঁজা সাকিব এই বিশ্বকাপেই দারুণভাবে ফিরে এসেছেন। ইতিমধ্যে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তারপরও সাকিব পুরোপুরি সন্তুষ্ট নন নিজের পারফরম্যান্সে, ‘আস্তে আস্তে নিজেকে ফিরে পাচ্ছি। ফলে ভালো লাগছে। তবে আমার আরও বেশি কন্ট্রিবিউট করা উচিত। আমি চেষ্টা করছি। আমাকে আরও উন্নতি করতে হবে।’