সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নাফিজা খাতুন ময়না (২৫) আলীপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী।  এ ঘটনায় নিহতের চাচা শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে।
 
বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
নিহতের চাচা জানান, তার ভাইঝি নাফিজা খাতুন ময়না স্থানীয় ব্রাক পরিচালিত স্কুলে শিক্ষকতা করতেন। বুধবার তিনি তার বেতনের জমানো ৫০ হাজার টাকা স্বামীর হাতে না দিয়ে দুই মেয়ের নামে ব্যাংকে জমা রাখেন।  আর এ কারণে স্বামী-শ্বশুর তার উপর নির্যাতন চালায়। এমনকি তাকে পানি পান করতেও দেয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন।
 
স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে শয়ন কক্ষের সিলিং ফ্যানে লাশ ঝুঁলিয়ে রেখে আত্মহত্যার প্রচার করে তার স্বামী মোখলেছ।  
 
সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে।