সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ কৃষক নিহত

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ইয়াকুব শেখ (৪৫) ও মনোহরপুর গ্রামের রহিম বিশ্বাস (৪৫) নামে দুই কৃষক নিহত ও একজন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা থানার কুমিরা বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা দুইজনেই তালা উপজেলার কুমিরা গ্রামের । আহত ব্যক্তি একই গ্রামের আলিম শেখ (৪০)। হতাহতরা সবাই কৃষক।
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই তিন কৃষক একটি মোটরসাইকেলে করে কুমিরা বাজার থেকে সাতক্ষীরা-খুলনা সড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্যাঙ্কার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। অপরজন আহত হন। আহত আলিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।