দীর্ঘদিনের ছুটিতে আরসিবিসির প্রেসিডেন্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো তান ব্যাংক কর্তৃপক্ষের কাছে অনির্দিষ্টকালের ছুটি নিয়েছেন। বুধবার আরসিবিসি বোর্ডের এক সভায় ওই ছুটি মঞ্জুর করা হয়।
 
এক বিবৃতিতে আরসিবিসি জানায়, ‘অর্থপাচারের অভিযোগে তার নাম আসায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য তান তদন্ত চলাকালীন সময়ে ছুটির আবেদন করেছেন।’
 
আরেক পৃথক বিবৃতিতে তানের আইনজীবী ফ্রান্সিস লিম বলেন, ‘চলতি সপ্তাহের প্রথমদিকে, আমার মক্কেল আরসিবিসি বোর্ডের কাছে আবারও তাকে ছুটিতে যাওয়ার অনুমতি দিতে অনুরোধ করেছেন। চলমান তদন্তে তার পক্ষ থেকে কোনও হস্তক্ষেপ করা হয়েছে, এমন অভিযোগ যেন না আসে, এজন্যই তিনি ছুটির আবেদন করেছেন। এর ফলে তার বিরুদ্ধে করা ভিত্তিহীন ব্যক্তিগত আক্রমণের জবাব দেওয়ার সুযোগটুকুও তিনি পাবেন।’
 
এর আগে ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে বরখাস্ত করা হয়। তার আইনজীবী অভিযোগ করেছিলেন, তানকে সিইও রেখে স্বাধীন অভ্যন্তরীণ তদন্ত সম্ভব নয়। আর দিগুইতো বলেছিলেন, লরেঞ্জো তানের নির্দেশেই তিনি অর্থ উত্তোলনের ব্যবস্থা করেছিলেন। ইনকোয়ারার