ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, 'অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে রাজধানীতে অপরাধমূলক কর্মকান্ড অনেক কমে এসেছে ।'
সাম্প্রতিক দুই একটি বিচ্ছিন্ন ছিনতাইয়ের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, 'এই সব ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তদন্ত করছে। দ্রুততম সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।'
তিনি বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরের সম্মেলন কক্ষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ডিএমপি'কে একটি এ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন।
এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, 'সম্প্রতি রাজধানীতে মোবাইল ব্যাংকিং বিকাশের টাকা ছিনতাইয়ের ঘটনায় বিকাশ কর্মকর্তারা জড়িত কীনা তা ঢালাওভাবে বলা যাচ্ছে না। এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।'
উক্ত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) একটি এ্যাম্বুলেন্স এর চাবি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে হস্তান্তর করেন।