মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেক্সাসের সিনেটর টেড ক্রুজকে সমর্থন দিলেন জেব বুশ। বুশ নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বুধবার নিজের সমর্থকদের পক্ষ থেকে ক্রুজকে একটি তহবিল-সংগ্রহের মেইল পাঠিয়ে তার প্রতি নিজেদের সমর্থনের কথা জানান বুশ। প্রার্থী মনোনয়নের প্রাইমারিতে দুর্বল শুরুর পর গেল মাসে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তিনি। রিপালিকান দলের এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ‘উগ্রবাদিতা ও বিভেদনীতির বিরুদ্ধে জয় পাওয়ার’ বিষয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
ফ্লোরিডার প্রাইমারিতে ট্রাম্পের কাছে হেরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান জ্যেষ্ঠ রিপাবলিকান নেতাদের অপর পছন্দের প্রার্থী জন কাসিচের অবস্থাও আশাবাদী হওয়ার মতো নয়। তাই রিপাবলিকান দলের বিশিষ্টজনরা ট্রাম্পকে ঠেকাতে মরিয়া হয়ে শেষ পর্যন্ত অপছন্দের প্রার্থী ক্রুজের দিকে ঝুঁকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।