ডুমুরিয়ায় সহিংসতা অব্যাহত

সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে খুলনা-সাতক্ষীরা সড়ক অবরোধ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে নির্বাচোনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে।
 
বৃহস্পতিবার সদ্য নির্বাচিত একজন ইউপি সদস্য ও নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাসহ ৪/৫জন প্রতিপক্ষ গ্রুপের মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার তিনটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত গুটুদিয়া ইউনিয়নের ৭/৮টি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ খুলনা-সাতক্ষীরা সড়কের জিলেরডাঙ্গা নামকস্থানে অবরোধ করে। এদিকে, শরাফপুর ইউনিয়নে দাঙ্গা হাঙ্গামার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনে ফলাফল ঘোষণার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটে। দৃর্বৃত্তরা তাণ্ডব চালায় শরাফপুর ইউনিয়নের কালিকাপুর, ভুলবাড়িয়া, আঁকড়া, সেনপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে। ওই এলাকায় শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনার পর অনেকে ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গত বুধবার রাতেও বিভিন্ন এলাকায় ভাঙচুর ও দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জড়িত  অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৮ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল খান (২২), সমীরণ মণ্ডল (২৭) ও আলমগীর কবিরকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা এবং সাইফুল ইসলাম শেখ (২৬), সোহেল খান (২৯), হারুন বিশ্বাস (২৩), হাফিজুর রহমান (৩২) ও সবুজ শেখকে (২২) ১ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এদিকে বৃহস্পতিবার দুপুরে গুটুদিয়া ইউনিয়নের গুটুদিয়া গ্রামের বাসিন্দা দেবু মণ্ডল, জিলেরডাঙ্গা ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য বায়েজিদ হালদার, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কুলটি গ্রামের বাসিন্দা কমল কান্তি মণ্ডলকে প্রতিপক্ষরা মারপিট করেছে। এ ঘটনার প্রতিবাদে দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত গুটুদিয়া ইউনিয়নের কুলটি, কমলপুর, জিলেরডাঙ্গা, বড়ডাঙ্গা, ঘোনা বড়ডাঙ্গা, গুটুদিয়া, লতা, খামারবাটি, কাচনাপাড়া, শিবপুর ও লতাসহ ৮/১০টি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে খুলনা-সাতক্ষীরা সড়কের জিলেরডাঙ্গা নামকস্থানে অবরোধ করে। এসময় খুলনা-সাতক্ষীরা সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজারো যাত্রী চরম বিপাকে পড়ে। খবর পেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র  চন্দ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে ক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, যারা সহিংসতা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।