আইটি খাতে বাংলাদেশে বিরাজমান সুযোগ-সুবিধা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশি আইটি কোম্পানিগুলোর সাথে অংশীদারি ভিত্তিক ব্যবসায়ে আগ্রহী ডাচ আইটি কোম্পানিসমূহ। মঙ্গলবার নেদারল্যান্ডের রাজধানী অ্যামস্টারডামে আয়োজিত একটি সেমিনারে তারা এই আগ্রহের কথা তুলে ধরেন।
উন্নয়নশীল দেশসমূহ থেকে আমদানী বাড়াতে সহায়তাকারী ডাচ সরকারী প্রতিষ্ঠান সিবিআই, আইটি বিষয়ক প্রতিষ্ঠান জিপিআই কনসালটেন্সি (GPI Consultancy) ফার্স্টলাইফ ডট নেট (Firstlife.net) ও আইকানেক্ট (iconnect-tech) সেমিনারটির আয়োজন করে।
বাংলাদেশের চারটি কোম্পানি ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, ব্রেইন স্টেশন-২৩, নাসসেনিয়া লিমিটেড এবং ইমপালস (বাংলাদেশ) লিমিটেড সেমিনারে অংশগ্রহণ করে।
কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা তাঁদের বক্তব্যে আইটি খাতে বাংলাদেশের সামর্থ্য, সম্ভাবনা, আউটসোর্সিং সুবিধা ইত্যাদি বিষয়ে আলোকপাত করে। সেমিনারে অংশগ্রহণ করেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল। তিনি বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের রুপকল্প তুলে ধরেন।
আইটি খাতে সরকারের প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং চীন ও ভারতের মাঝে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূ-অবস্থান তুলে ধরে তিনি ডাচ ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার সুযোগ গ্রহণের আহ্বান জানান।