নওগাঁর মান্দা উপজেলায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে শফিকুল ইসলাম (৩২) ও বিলকিছ বিবি (২৮) নামে এক দম্পতি আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার বিকেলে ওই দম্পতি মারা যান। মৃত শফিকুল ইসলাম উপজেলার বাড়িল্যা গ্রামের লফির উদ্দিনের ছেলে ও বিলকিছ একই গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
জানা গেছে, প্রায় এক বছর আগে শফিকুল ইসলাম এবং বিলকিছ বুনু বাড়ির সবার অমতে বিষে করেন। অমতে বিয়ে করার পর থেকে বাবা-মায়ের সঙ্গে প্রায়ই তাদের ঝগড়া হতো। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাবা লফির উদ্দিনের সঙ্গে শফিকুলের ঝগড়া বাধে। এক পর্যায়ে স্বামী-স্ত্রী দম্পতি অভিমান করে বিষাক্ত ট্যাবলেট (গ্যাসবড়ি) সেবন করে। পরিবারের লোকজন জানতে পেরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল ৩টার দিকে তারা মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।