গৃহকর্মীর আত্মহত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কণ্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী খালেকুর রহমান অর্ককে দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শেরে বাংলা নগর থানার এসআই সুশীল চন্দ্র বর্মন বৃহস্পতিবার খালেকুরকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে জামিনের আবেদন করেন খালেকুরের আইনজীবী বশিরউদ্দিন। দুই পক্ষের বক্তব্য শুনে মহানগর হাকিম নুরু মিয়া জামিন আবেদন নাকচ করে হেফাজতের আদেশ দেন।
বুধবার বিকালে শেরে বাংলা নগর থানা এলাকার আর্কেড হেনা গার্ডেনে কৃষ্ণকলির ফ্ল্যাট থেকে তার গৃহকর্মী জান্নান আকতার শিল্পীকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান খালেকুরসহ কয়েকজন।পরে চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করার পর বৃহস্পতিবার সকালে খালেকুরকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয় বলে জানান আইনজীবী বশিরউদ্দিন।
খালেকুর এর আগে পুলিশকে জানিয়েছিলেন, রাশেদা নামের এক নারী দেড়মাস আগে শিল্পীকে তাদের বাসায় কাজে দিয়েছিলেন। তার বাড়ি নেত্রকোনায়।