'মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে। কিন্তু তার মৃত্যুর পরে সেই মুক্তির সংগ্রাম বন্ধ হয়ে যায়। আজ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে আবার নতুন করে সেই মুক্তির সংগ্রাম শুরু হল।' বৃহষ্পতিবার টাঙ্গাইলের কালিহাতি উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এই কথা বলেন।
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজরুল ইসলামের সভাপতিত্বে কালিহাতি উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধন কালে মন্ত্রী সহ আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন, জেলা প্রশাসক ফজলুর রহমান ফারুক সহ প্রমুখ।
পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ সমস্যার সমাধান ও ঘরে ঘরে সঠিক ভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার জন্যই ২০১৯ সালের নির্বাচনে দেশের জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে এমন আশাবাদ ব্যক্তকরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, '২০১৯ সালের নির্বাচনে তিনটা কারণে দেশের জণগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করবে। সেটা হচ্ছে পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ সমস্যার সমাধান ও জনগণকে সঠিক ভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।'