তনুর হত্যার বিচার দাবিতে টিএসসি, শাহবাগে মানববন্ধন

কুমিল্লার ভিক্টরিয়ার কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে মানববন্ধন করেছে দুটি সংগঠন।
 
বৃহস্পতিবার বিকাল ৫টায় শাহবাগে জাতীয় জাদুঘরে সামনে ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’নামের একটি সংগঠন। মানববন্ধন শেষে তনু হত্যার প্রকাশ্যে বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন প্রচেষ্টার সদস্যরা। প্রচেষ্টা ফাউন্ডেশনের সদস্য তাজুল ইসলাম খন্দকার বলেন, প্রতিনিয়ত ধর্ষণ-খুন ঘটেই চলেছে। একটির পর আরেকটি । মনে হয় একটি অন্যটিকে চাপায় দেয়ার জন্য ঘটছে। আবার এসব ঘটনায় যাদের নজর দেয়া দরকার তারা দিচ্ছে না। তাই আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে  দিয়ে সমাজের সবাইকে সচেতন করে তোলা।
 
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্য্যের সামনে মানববন্ধনে করে ‘উই আর তনু’নামে ফেসবুকভিত্তিক একটি সংগঠন। সেখানে উত্তরার রায়েনা রাসনাত বলেন, আমরা মেয়েরা যদি এই অন্যায়ের প্রতিবাদ না জানাই কে জানাবে? মেয়েরা যদি এখনই সচেতন সজাগ না হয়, তবে কবে হবে? ‘আমি তনুর মতো হতে চাই না, আমার কোনো বন্ধু তনুর মতো হোক এটাও চাই না। চাই শুধু নিরাপদ সমাজ ব্যবস্থা।’
 
অনুবাদক নুর-ই রাহান বলেন, ধর্ষণ-খুনের গুটিকয়েকটির বিচার হচ্ছে। আর বাকিগুলো আড়াল থেকে যাচ্ছে। আমরা চাই তনু হত্যাসহ সকল অপরাধের বিচার। দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমেই এসব রোধ করা সম্ভব।