কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ রেলওয়ের জমির মাটি কেটে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ভূমিদস্যদের বিরুদ্ধে। এতে জয়দেবপুর-রাজশাহী রেল রুটটিতে ঝুঁকি বেড়ে যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী সুলতান মিয়া জানান, উপজেলার বড়ইতলী এলাকার কয়েকজন প্রভাবশালী দলবল নিয়ে জয়দেবপুর-উত্তরবঙ্গ রেলরুটের কালিয়াকৈর উপজেলার ভোঙ্গাবাড়ী এলাকায় রেল লাইনের পাশের বাংলাদেশ রেলওয়ের জমি জবর-দখল করে। পরে রেলের এক শ্রেণির অসত্ কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে ওইসব ভূমিদস্যু গত এক সপ্তাহ যাবত্ ভোঙ্গাবাড়ী রেলওয়ে ব্রিজ ও রেল লাইনের পাশে রেলের মালিকানাধীন ওইসব জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ড্রামট্রাকে ভর্তি করে বিভিন্ন কলকারখানার মালিকসহ বিভিন্ন জনের কাছে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে রেল লাইনের পাশের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
রেলওয়ে পাকশি বিভাগের (জয়দেবপুর) সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ জানান, রেল লাইনের পাশে মালিকানা জোত জমিও রয়েছে। জোত জমি থেকে মাটি কেটে নেয়ার সময় তারা চুরি করে রেলওয়ের জমির মাটিও কেটে নিয়েছে। এব্যাপারে কিছু দিন আগে কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। প্রয়োজনে আবার মামলা করা হবে।
এদিকে কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া বলেন, আমাদের কাছে রেলকর্তৃপক্ষ কোনো মামলা করেনি। তারপরও খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ গেলে রেলের জমি থেকে মাটিকাটা বন্ধ করে চলে যায়।