আইডিয়া কনসিল নামের একটি মার্কিন টেকনোলজি ফার্ম একটি ডবল ব্যারেলড ৩৮০ ক্যালিবার পিস্তলের পেটেন্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে। ভাবছেন এ আবার কী খবর? তাহলে উপরের ছবিটি আরেকবার ভাল করে দেখুন। স্মার্টফোন মনে হচ্ছে দেখে? ওটা স্মার্টফোন নয়। ওটাই সেই পিস্তল, যার কথা প্রতিবেদনের শুরুতেই বলেছি।
স্মার্টফোন ও স্মার্টঘড়ির পর স্মার্ট-কলম ও স্মার্ট-চামচ এসেছে। এবার আসছে এই স্মার্ট-পিস্তল!
মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মরক্ষার জন্য নিজের কাছে বন্দুক রাখা একেবারে জলভাত! অনেকে স্রেফ শখেও বন্দুক রাখে। তাদের জন্য বিশেষ সুখবর নিয়ে এসেছে এই নয়া পিস্তল। পিস্তলটি অবিকল দেখতে একটি স্মার্টফোনের মতো, আকারেও তাই। অনায়াসে জিন্সের হিপ পকেটে চালান করে দেওয়া যায়।
প্রস্তুতকারক প্রতিষ্ঠান আইডিয়া কনসিলের দাবি, আজকের যুগে সুরক্ষিত থাকতে পকেটে স্মার্টফোনের সঙ্গে একটি পিস্তল রাখাটা বিলাসিতা নয়, জরুরি। পকেট থেকে বার করুন, সেফটি ক্যাচ সরান, ট্রিগার টিপে দিন। ব্যাস, উল্টোদিকের শত্রুর দফারফা!
দাম কত? নির্মাতা প্রতিষ্ঠানের এক কর্তা জানিয়েছেন, পেটেন্ট মিললে খোলাবাজারে ৩৯৫ ডলারে মিলবে এই স্মার্ট-পিস্তল।
IMG0