চট্টগ্রামের পাঁচলাইশে রাতে অটোরিকশায় এক নারী চিকিৎসককে ‘শ্লীলতাহানির চেষ্টা’র অভিযোগে চালককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গ্রেফতার মো. জামশেদ (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের হাটাহাজারি থানার নজু মিয়া হাট এলাকায় বাস করেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর ষোলশহর বন গবেষণাগার এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার এসআই মো. নুরুজ্জামান জানান, অভিযোগকারী চিকিৎসক নগরীর সানমার ওসান সিটির সামনে থেকে বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকায় নিজের বাসায় যাওয়ার জন্য জামশেদের অটোরিকশায় উঠেন। মুরাদপুর এলাকায় যানজট থাকায় চালক বন গবেষণাগার এলাকা দিয়ে তাকে গন্তব্যে নিয়ে যাওয়ার কথা বলেন।পথিমধ্যে নির্জন স্থানে অটোরিকশা থামিয়ে চিকিৎসকের শ্লীলতাহানির চেষ্টা করে এই চালক। এ সময় ওই চিকিৎসক চিৎকার করলে স্থানীয়রা এসে জামশেদকে পিটুনি দেয় ও পরে পুলিশের কাছে হস্তান্তর করে।
পাঁচলাইশ থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।